মার্চের শেষে শুরু হচ্ছে উদ্যোক্তা শুমারি

১১ মার্চ, ২০২০ ১৯:২৩  
চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে উদ্যোক্তা শুমারি। বাংলাদেশের প্রায় ৭০০ স্টার্টআপের ওপর শুমারি পরিচালনা করা হবে। এর মাধ্যমেই উদ্যোক্তা প্রতিষ্ঠানের একটি বেইজলাইন নির্ধারণ করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে এই জরিপ পরিচালনা করবে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প। স্বাস্থ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্ট, পরিবহন, পর্যটন, লিগ্যাল, আর.এম.জি সেক্টর, শিক্ষা, অবকাঠামো, ই-কমার্স /মার্কেটপ্লেস, আর্থিক সেবা, কৃষি, মিডিয়া ও বিনোদন, ডিজিটাল সেবা, ই-গভর্নেন্সসহ প্রায় ১৭টি সেক্টর এই জরিপের আওতাভুক্ত করা হয়েছে। জরিপ কার্যক্রম সফল করতে বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হয় একটি বিশেষ কর্মশালা। জরিপে কাজ করার উদ্দেশ্যে নিয়োজিত প্রায় ত্রিশের অধিক পেশাদার ও অভিজ্ঞ তথ্য সংগ্রাহক এই কর্মশালায় অংশ নেন। দু’দিনব্যাপি অনুষ্ঠিতব্য কর্মশালার উদ্বোধন করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এসময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক উপস্থিত ছিলেন।